muslim aid

ইএসডিও ও মুসলিম এইড ইউকের উদ্যোগে আশাশুনিতে দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (First Aid)” প্রশিক্ষণ অনুষ্ঠিত

২১ মে ২০২৬ মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড-এর সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerability (ICRDCV-3) প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (First Aid)” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জরুরি পরিস্থিতি ও দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রকল্পের কর্মী, স্বেচ্ছাসেবক, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় অংশীজনরা।
প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশাশুনি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে ইএসডিও ও মুসলিম এইডের এ উদ্যোগকে প্রশংসা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে রক্তপাত ও ক্ষত ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও দগ্ধ হওয়া, সিপিআর (CPR), রিকভারি পজিশন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক সেবা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার এবং মেডিকেল অফিসার ডা. এস. এম. নাঈম হোসাইন। এছাড়াও সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, মুসলিম এইড কর্মকর্তা এস এম মনোয়ার হোসেন এবং প্রকল্প কর্মকর্তাবৃন্দ বিভিন্ন কারিগরি সেশন ও ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন।
আলোচনা, ব্যবহারিক অনুশীলন, প্রশ্নোত্তর, প্রাক ও পর মূল্যায়ন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা।

Leave a Reply