Humanitarian initiative

ইএসডিও ও মুসলিম এইড-ইউকে’র মানবিক উদ্যোগে অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ

ইএসডিও ও মুসলিম এইড-ইউকে’র মানবিক উদ্যোগে অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ-
ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম এইড ইউকে-এর আর্থিক সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এক মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য বাস্তবায়িত হয়।
এই কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলা, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মোট ১৫টি গরু কোরবানি করা হয়। এর মাধ্যমে ৩৭৫টি অসহায় পরিবারের মাঝে ঈদুল আজহার আনন্দ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৪ (চার) কেজি করে পবিত্র কোরবানির গোশত বিতরণ করা হয়।
এই বিতরণ কার্যক্রমে সমাজের সবচেয়ে প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, নারীপ্রধান পরিবার এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে—এমন পরিবারগুলোকে নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার প্রদান করা হয়, যাতে সত্যিকারের প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগিতায়, দাতা সংস্থার গাইডলাইন অনুসরণ করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয় এবং উপজেলা প্রশাসনের অনুমোদনক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত পরিবারগুলোর মাঝে গোশত বিতরণ সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনার জন্য ইএসডিও’র সম্মানিত নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, দাতা সংস্থা মুসলিম এইড ইউকে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, এবং সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারসহ সকল অংশীজনের প্রতি ইএসডিও গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।

Leave a Reply